হাসপাতালে নেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয় তাকে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, মূলত দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহুকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে নেতানিয়াহু ‘অসুস্থ’ বলে খবর প্রকাশিত হওয়ার পর তার কার্যালয় ‘দাঁতের চিকিৎসার’ বিষয়টি ব্যাখ্যা করে।
এদিকে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার নেতানিয়াহু লেবাননে ইরানপন্থী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ‘হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত হামলা চলবে।’
এর পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা এবং অন্য এলাকায় হিজবুল্লাহর অবকাঠামোয় হামলা চালানো হচ্ছে।


