হামের প্রকোপে দেশজুড়ে শিশু মৃত্যু রোধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারির করেছেন হাইকোর্ট। একটি রিটের শুনানি করে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।
এর আগে ২ এপ্রিল রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা। তিনি সাংবাদিকদের জানান, আদালত হামের প্রকোপে শিশু মৃত্যু রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রোববার রুল জারি করেছে। হামের টিকার সরবরাহ পর্যাপ্ত রাখতে বলেছে। এ ছাড়া তদন্ত কমিটি হলে, সে বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ইপিআই পরিচালক, আইইডিসিআরের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সর্বশেষ তথ্য মতে, দেশের ৬১টি জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কেবলমাত্র পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙ্গামাটি জেলায় এখনো এই রোগের সংক্রমণ শনাক্ত হয়নি।
রোববার সকালে রাজশাহী বিভাগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনার জন্য আয়োজিত বিভাগীয় সমন্বয় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৬০৩ জন। ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে সন্দেহজনক হামে ২১৬ জনের মৃত্যু হয়েছে।


