ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার ঢাকা যেন পরিণত হয়েছিল বিক্ষোভের নগরীতে।
অবশ্য কেবল ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থান থেকেই রাতভর এসেছে বিক্ষোভ-হামলা-ভাঙচুরের খবর।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এ খবর দেশে পৌঁছতেই শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ।
হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন এমন যুক্তিতে ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে পথে নামেন মানুষ। শাহবাগে অবস্থান কর্মসূচীর পাশাপাশি ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভের খবর পাওয়া যায়।
প্রথম আলো ভবনে আগুন
ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় একদল বিক্ষুব্ধ মানুষ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এসময় প্রথম আলোর কার্যালয়ের ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। ভাঙচুর করেন ভবনের শাটার, কাঁচ।
পরে বিক্ষোভকারীরা ভবনের ভেতরের কাগজপত্রে আগুন ধরিয়ে দেয় ও কম্পিউটার ভাঙচুর করে।
ডেইলি স্টারে হামলা
প্রথম আলো কার্যালয়ে হামলা-আগুনের পর সেখান থেকে একটি মিছিল যায় ফার্মগেট এলাকার ডেইলি স্টার কার্যালয়ের দিকে। ভবনটির নিচতলায় ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
মুহূর্তেই আগুন ব্যাপক আকার ধারণ করে। ভবনটিতে রাতের পালায় কর্মরত সংবাদকর্মীসহ অন্তত ৩০জন সেখানে আটকা পড়েন। প্রায় তিন ঘণ্টা তারা ভবনটির ছাদে অবস্থান করেন।
জনতার রোষের মুখে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছতে না পারায় আগুনও বাড়তে থাকে।
পরে সেনা সদস্যরা পরিস্তিতি নিয়ন্ত্রণ নেন এবং ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। সেই সঙ্গে উদ্ধার করে ছাদে আটকা পড়া সংবাদকর্মীদের।
আগুন-হামলার পর থেকে প্রথম আলো ও ডেইলি স্টারে সংবাদ প্রকাশ বন্ধ রয়েছে।
রাতে ডেইলি স্টারের কর্মীরা যখন ছাদে আটকা তখন পরিস্থিতি শান্ত করতে এসেছিলেন নিউ এইজ সম্পাদক নুরুল কবির। তবে তিনিও উপস্থিত জনতার বিক্ষোভের মুুখে পড়েন এবং তাকে হেনস্তা করা হয়।
ছায়ানট ভবনের হামলা
ওসমান হাদির মৃত্যুর ক্ষোভ থেকে রক্ষা পায়নি বাঙালি সংস্কৃতি চর্চার সংগঠন ছায়ানট ভবনও। রাতে ভবনটিতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়।
ধানমন্ডির ওই ভবনটিতে থাকা বিভিন্ন বাদ্যযন্ত্রসহ নানা সামগ্রীতেও আগুন দেয় একদল বিক্ষোভকারী।
তারা ছায়ানটের প্রায় প্রতিটি কক্ষে ভাঙচুর চালানো হয়েছে, নষ্ট করা হয়েছে বিভিন্ন শিল্প কর্ম।
এমন পরিস্থিতিতে ছায়ানটের সব কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
৩২ নম্বরে ফের ভাঙচুর
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুনের পর একদল মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হামলা চালায়।
তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং বাড়িটির অবশিষ্ট অংশও ভাঙতে শুরু করে।
এর আগে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর ৩২ নম্বরে একদফা ভাঙচুর করা হয়েছিল, দেওয়া হয়েছিলও আগুনও। পরে আওয়ামী লীগের সরকার পতনের ছয়মাস পূর্তির দিন ৫ ফেব্রুয়ারি ভেকু নিয়ে গিয়ে বাড়িটির বড় একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।
চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে ফের আগুন
চট্টগ্রামে আবারও বিক্ষুব্ধ মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাড়ি।
বাড়িটি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলেরও।
বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরীর ষোলশহর এলাকার মেয়র গলিতে অবস্থিত বাড়িটিতে যায় একদল বিক্ষুব্ধ মানুষ। তারা সেখানে হামলার পাশাপাশি বাড়ির ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্রেও আগুন দেয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েক দফায় বাড়িটিতে আগুন দেওয়া হয়, চালানো হয় ভাঙচুরও।
আক্রান্ত চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন
ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল মানুষ। অন্যদল সেখানে গিয়ে হাইকমিশন ভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বান্দরবানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বান্দরবান শহরের রাজার মাঠ সংলগ্ন এই বাড়িতে স্ত্রীসহ বসবাস করেন সাবেক এই মন্ত্রী। তবে অগ্নিসংযোগ ঘটনার সময় তারা ওই বাড়িতে ছিলেন কিনা জানা যায় নি।
রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে। বিভিন্ন শ্লোগান দিতে দিতে তারা বীর বাহাদুরের বাড়ির সামনে আসে। রাত সাড়ে ১২টার দিকে তার বাড়ির প্রধান ফটকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
ঘটনার খনর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌছুলে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যায়।
পিরোজপুরে বিক্ষোভ মিছিল
ওসমান হাদির মৃত্যুর খবরে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার ১১ টার দিকে শহরের সাধনার পুল এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরে বিক্ষোভ
শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
রাত সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী শহীদ আফনান চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সেটি দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।
রাজশাহীতে আ.লীগ অফিসে ভাঙচুর
বিচারের দাবিতে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জুলাই মঞ্চ ও এনএসিপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
অন্যদিকে রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেন।
এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
পরে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন।
পরে বুলডোজার দিয়ে আগে থেকেই অনেকটা ভেঙে ফেলা রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের অবশিষ্টাংশ ভাঙচুর করেন।
গাইবান্ধায় বিক্ষোভ মিছিল, সড়ক ব্লকেড
বৃহস্পতিবার রাতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল শেষে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালের মূল সড়কে অবস্থান নিয়ে ব্লকেড করে রাখে বিক্ষোভকারীরা। এতে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
এতে অংশ নেয় গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থী ছাড়াও সাধারণ জনতা।
এসময় সড়কের মাঝে টায়ারে আগুন জালিয়ে বিভিন্ন শ্লোগান দেয় মিছিলকারীরা। এতে বাস টার্মিনালের সামনের গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছাড়তে পারেনি এবং ঢাকা থেকে আগত একাধিক বাস সড়কে আটকা পড়ে।


