অনলাইনে বিমানের টিকিট বিক্রি ও বুকিংয়ের টাকা আত্মসাতের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের নামে থাকা ২০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।
রোববার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সিআইডির পক্ষে উপপরিদর্শক মো. জহির রায়হান আদালতে এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান এফইবিডি লিমিটেড (ফ্লাইট এক্সপার্ট) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে বিমানের টিকিট বিক্রি ও বুকিংয়ের অগ্রিম অর্থ এসব ব্যাংক হিসাবে গ্রহণ করত। পরে গ্রাহকদের টিকিট সরবরাহ না করে প্রতারণার মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করা হয়।
সিআইডির আবেদনে আরও বলা হয়, গত বছরের ২ আগস্ট এফইবিডি লিমিটেডের চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম তার বর্তমান অফিস বন্ধ করে কানাডায় পালিয়ে যান।
হিসাবগুলো পর্যালোচনায় দেখা গেছে, বিভিন্ন গ্রাহক ও সাব-এজেন্সি বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসব হিসাবে জমা করেছেন। বিষয়টি প্রতারণা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। অন্যথায় হিসাবগুলোর স্থিতি অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। সিআইডির তথ্য অনুযায়ী, এসব হিসাবে বর্তমানে মোট রয়েছে ৪ কোটি ১০ লাখ ৯৪৭ টাকা।


