ঢাকার ধানমন্ডির একটি বাসার পাশ থেকে আল মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে ধানমন্ডি ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, ৩১ নম্বর বাড়িটির ২বি নম্বরের নিজস্ব ফ্ল্যাটে বোনদের সঙ্গে থাকতেন তিনি। তাদের বাবা রফিকুল ইসলামের মারা গেছেন। যাত্রাবাড়ীর রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজটি তার বাবার। সেই কলেজ পরিচালনা করতেন অর্ণব।
তিনি আরও জানান, তার পরিবার জানিয়েছে অর্ণব মাঝে মাঝেই ১২ তলা বাড়িটির ছাদে উঠতেন। শনিবার দুপুরে তিনি ছাদে উঠেন। এর কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন নাকি এটি একটি দুর্ঘটনা তা কেউ নিশ্চিত করতে পারেনি।
ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


