ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মূল আসামি ফয়সাল করিম মাসুদের মা-বাবা আদালতে জবানবন্দি দিয়েছেন।
বুধবার ঢাকা মহানগর হাকিম মো. মনিরুল ইসলামের আদালত এই জবানবন্দি নেন।
ফয়সলের বাবার নাম হুমায়ুন কবির (৭০) ও মা মোসাম্মৎ হাসি বেগম (৬০)।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আজ তাদের আদালতের হাজতখানায় আনা হয়। এ মামলায় তারা জবানবন্দি দিতে রাজি হওয়ায় তদন্ত কর্মকর্তা তা রেকর্ডের আবেদন করেন। পরে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে র্যাব-১০ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে বিশেষ অভিযান চালায়। অভিযানে ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।
এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
সেখান থেকে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।


