ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ ও ৭ এবং গাইবান্ধা ৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ ও ভোট পুনরায় গণনার নির্দেশনা চেয়ে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন জামায়াতের প্রার্থীরা।
বৃহস্পতিবার এসব আবেদন গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আগামী অবকাশকালীন ছুটির পর শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছে।
ঢাকা-৬ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনের মো. এনায়াত উল্লা ও গাইবান্ধা-৪ আসনের জামায়াত প্রার্থী মো. আব্দুল রহিম সরকার এই আবেদন করেন। তাদের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, ‘আদালত ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ যা যা আছে, সেগুলো কোর্টের কাস্টডিতে নেওয়ার ও আলাদা করে রাখার নির্দেশনা দিয়েছে।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান পান ৫৪ হাজার ৪৬৫ ভোট।
ঢাকা-৭ আসনে বিএনপি প্রার্থী হামিদুর রহমান ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. এনায়াত উল্লা পান ৯৮ হাজার ৪৮৩ ভোট।
এ ছাড়া গাইবান্ধা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল রহিম সরকার পান ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।


