বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এক মামলায় কক্সবাজারের উখিয়া–টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেয়।
আদালতে আসামি বদির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পূর্ণিমা জাহান।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেসময় র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনিও দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।
টেকনাফে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ২০২৪ সালের আগস্টে ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়।
কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। এতে অজ্ঞাতনামা প্রায় ৭০ জনকে আসামি করা হয়।


