ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করতে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাত ৯টার দিকে মাজার জিয়ারত করেন তিনি।
জিয়ারতের আগে তারেক রহমান সেখানে নামাজ পড়েন। পরে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবরও জিয়ারত করেন।
এসময় তার সঙ্গে স্ত্রী জোবায়দা রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।
সেখান থেকে বাসে করে মাজারের উদ্দেশে রওনা দেন তারা।
বিমানবন্দর থেকে যে পথে তারেক রহমানের গাড়ি গেছে তার দু’ধারে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান সিলেটের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা।
রাত সোয়া ৯টার দিকে হাজারও মানুষের ভিড় ঠেলে মাজারের ভেতরে প্রবেশ করেন তিনি।
রাত ১০টার দিকে মাজার থেকে নেমে আসেন বিএনপির চেয়ারম্যান। সেখান থেকে যান হযরত শাহপরাণ (র.) এর মাজারের দিকে।
বৃহস্পতিবার সকালে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান।


