কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম শিহাব হোসেন।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘ঘটনার পর এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শিহাব হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
এর আগে নিহত রাকিবের বাবা তরিকুল ইসলাম খোকন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনার এলাকায় হঠাৎ গুলির ঘটনা ঘটে। এ সময় রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন একজন সন্দেহভাজন যুবককে ধরে ফেলে। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করে।
আরও পড়ুন: শহীদ মিনারে গুলিবিদ্ধ রাকিব মারা গেছেন
শহীদ মিনারে গুলিবিদ্ধ রাকিবের শরীরে ৩ ছিদ্রসহ গুরুতর জখম


