ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ময়মনসিংহ-৪ আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান ও ময়মনসিংহ-৬ আসনের বিএনপির প্রার্থী মো. আখতারুল আলম।
সোমবার বিচারপতি মোহাম্মদ আলীর একক নির্বাচনী ট্রাইব্যুনালে এ আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত এ আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেয়।
আদালতে কামরুলের পক্ষে আইনজীবী মুহাম্মদ বেলায়েত হোসেন ও আখতারুলের পক্ষে ছিলেন আইনজীবী মো. শামীম দরজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।
হাইকোর্ট নির্বাচনী আবেদন দুটি শুনানির জন্য গ্রহণ করেছে। শুনানির জন্য আগামী ২২ জুন দিন নির্ধারণ করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়। নির্বাচনসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ ও শুনানির জন্য প্রধান বিচারপতি ট্রাইব্যুনাল গঠন করেছেন।


