হবিগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বানিয়াচং উপজেলা খাদ্য গুদামে লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন কৃষকের কাছ থেকে দুই মেট্রিক টন ধান সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর মো. সাখাওয়াত হাসান জীবন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাহাদুল ইসলাম এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর ১ হাজার ৪৪০ টাকা দরে জেলা থেকে ৮ হাজার ৯০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
নীতিমালা অনুযায়ী, একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন। বা
নিয়াচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, আগামী বুধবার পুনরায় লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।
চলতি মৌসুমে জেলায় ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। তবে টানা বৃষ্টিতে হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে প্রায় ১১ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।
কৃষি বিভাগের তথ্যমতে, এর মধ্যে ৫ হাজার ৬২৩ হেক্টর জমি সম্পূর্ণ এবং ৫ হাজার ৯১৫ হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার ১৯ হাজার ৬৩০ জন কৃষক সরাসরি ক্ষতির মুখে পড়েছেন।


