শীতের কুয়াশা ভেদ করে সূর্য ওঠার আগেই ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চর দরবেশ আদর্শ গ্রামে শুরু হয় এক অন্যরকম কর্মচাঞ্চল্য। ভোরের আলো ফুটতেই খেজুরের তাজা রসের স্বাদ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য রসপ্রেমী। কেউ মোটরসাইকেলে, কেউ ভ্যানে, আবার কেউ পায়ে হেঁটে ভিড় জমান স্থানীয় খেজুর বাগানগুলোতে। শীতকাল এলেই এই এলাকাটি খেজুরের রসের এক প্রাণবন্ত ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয়।
প্রতিদিন শত শত মানুষ এখানে এসে তাজা রস পান করার পাশাপাশি বোতলে ভরে পরিবারের জন্য নিয়ে যান। স্থানীয় রস ব্যবসায়ী ও বাগান মালিকরা জানান, বর্তমানে খেজুরের রসকে কেন্দ্র করে এখানে বিশাল এক বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হয়েছে।
মো. দুলাল নামের এক ব্যবসায়ী প্রায় ৩০০টি খেজুর গাছ লিজ নিয়ে রস সংগ্রহ করছেন। প্রতিদিন তার সংগ্রহ করা রস বিক্রি করে আয় হয় প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে দিনে তার লাভ থাকে ১০ থেকে ১৫ হাজার টাকা। তিনি কেবল স্থানীয়ভাবেই নয়, বরং অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে ফেনী শহরসহ বিভিন্ন স্থানে রস পৌঁছে দিচ্ছেন। বর্তমানে প্রতি লিটার রস ৯০ থেকে ১০০ টাকা এবং নিজের হাতে তৈরি খাঁটি রাব ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরেক রস ব্যবসায়ী মো. নাছির তার ৬০টি গাছ থেকে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার টাকার রস বিক্রি করেন। শীতের এই সময়টি তার পরিবারের আর্থিক সচ্ছলতার বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। একই চিত্র দেখা যায় স্থানীয় যুবক সাদ্দাম হোসেনের বাগানেও। তার ১০০টি গাছ থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার রস বিক্রি হয়। তার মতে, ভোর হলেই মানুষের ভিড়ে পুরো এলাকাটি একটি উৎসবমুখর বাণিজ্যিক কেন্দ্রে রূপ নেয়।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মাঝেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। ফেনী শহর থেকে আসা নাইম জানান, শুধু তাজা রসের স্বাদ নিতে তিনি রাত তিনটায় রওনা দিয়েছেন। ছাগলনাইয়া থেকে আসা মানিকের মতে, কুয়াশার মধ্যে খেজুরের রস খাওয়ার আনন্দটাই আলাদা। ফুলগাজী ও ফেনী সদর থেকে আসা রাজিব ও রাহুলের মতো অনেকেই বন্ধুদের নিয়ে ভোরে ছুটে আসেন এবং বিশুদ্ধ রসের স্বাদ নিয়ে তৃপ্ত মনে বাড়ি ফেরেন।
স্থানীয়রা জানিয়েছেন, খেজুরের রসকে কেন্দ্র করে এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অনেক বেকার যুবক বাগান থেকে রস সংগ্রহ করে অনলাইনে বিপণন করছেন। প্রকৃতি, ঐতিহ্য আর মানুষের কঠোর পরিশ্রমের মেলবন্ধনে দক্ষিণ চর দরবেশ আদর্শ গ্রাম এখন রস প্রেমীদের এক প্রিয় গন্তব্য। শীতের কুয়াশাভেজা সকালে খেজুরের রসের মিষ্টি সুবাসে চারপাশ এখন মুখরিত।


