হবিগঞ্জ শহরের অনন্তপুরে পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে আব্দুস শহীদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত ছেলে পর্থিক মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আব্দুস শহীদ ও তার স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের সন্তান পর্থিক মিয়া ঘটনাস্থলে এসে বাবার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মা ও বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ রাতে অভিযুক্ত পর্থিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, হত্যাকাণ্ডের বিষয়ে পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


