গোপালগঞ্জ সদর উপজেলায় কথা বিশ্বাস (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে জেলা শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কথা বিশ্বাস ওই এলাকার প্রভাত বিশ্বাসের মেয়ে এবং প্রিন্স বৈদ্যের স্ত্রী। তিনি এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ভোরে স্বামী প্রিন্স বৈদ্য নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় কথাকে দেখতে পান।
তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে দ্রুত কথাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা–তা এখনো নিশ্চিত নয়।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং স্বজনসহ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের পরিবার জানিয়েছে, প্রিন্স বৈদ্য একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চার মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও বিবাদ চলছিল। অভিমান থেকে কথা আত্মহত্যা করে থাকতে পারে বলে তাদের ধারণা।


