ভোলায় নিজ গ্রামে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় তৃতীয় জানাজা শেষে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, দুপুর সোয়া ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মজিরউদ্দিন।
জানাজার আগ মুহূর্তে তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান তুহিন তার বক্তব্যে জানাজাস্থলে কাউকে কোনো প্রকার রাজনৈতিক স্লোগান না দিতে অনুরোধ করেন। এ ছাড়া তোফায়েল আহমেদের কোনো কাজে কেউ আহত বা কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
এ সময় তোফায়েল আহমেদের পরিবার থেকে জানানো হয়, জাতীয় সংসদ প্রাঙ্গনে তার জানাজার জন্য স্পিকারের সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু সেখান থেকে কোনো ইতিবাচক সারা পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভোলায় তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন
এর আগে, ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে প্রবীণ রাজনীতিবিদের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার মাগরিব নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: তোফায়েল আহমেদ মারা গেছেন
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বিকাল ৪টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিবিদ।


