হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে পরিবহনের সময় প্রায় ১ কোটি টাকার বেশি মূল্যের ৬ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে বিশেষ অভিযান চালায়।
অভিযানে একটি ট্রাককে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় ট্রাকে থাকা মালামালের সঙ্গে থাকা কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন, সিলেটের নামে ব্যবহৃত বিল অব এন্ট্রি/এক্সপোর্টের কাগজ জাল বা নকল।
পরে ট্রাক থেকে ৬ হাজার কেজি ভারতীয় জিরা, একটি ট্রাক এবং সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের সেলিম মিয়া (৩১) ও লক্ষ্মীপুর এলাকার আজমল হোসেন (২০)।
বিজিবি জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র বৈধ কাস্টমস কাগজপত্র জাল বা নকল করে অবৈধ মালামাল পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা করে আসছিল। কাস্টমস কর্তৃপক্ষের সহায়তায় বিষয়টি শনাক্ত হওয়ার পর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়।
জব্দ করা জিরা, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালান দমন ও দেশের অর্থনীতি সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও আরও জোরদার করা হয়েছে।


