মেহেরপুর সীমান্ত দিয়ে আবারও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। চলতি মাসে মেহেরপুর সীমান্তে এটি চতুর্থবারের মতো পুশইনের চেষ্টা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের ১৩৬ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে ১৩৫/৭-এস কাঁটাতারের গেট দিয়ে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
ধলা বিওপি সূত্র জানায়, রাতের কোনো এক সময় বিএসএফ তিনজনকে সীমান্তের কাঁটাতারের গেট পার করে বাংলাদেশের দিকে পাঠায়। ভোরে বিজিবি সদস্য ও স্থানীয়রা তাদের শূন্যরেখায় বাধা দিলে তারা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেন। পরে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিএসএফ তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
ফিরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার বলেন, বিজিবি কোনো ধরনের অবৈধ পুশইন মেনে নেবে না। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।


