কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন শেষে এবার দেশে ফেরার পালা। শুক্রবার রাতেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার এই যাত্রা। প্রথম দিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজী।
গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব আসে ২১ মে।
এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজযাত্রী পরিবহন মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনো রূপ শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে আসতে পেরেছেন।
আগামী ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।


