জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন, মজুত-অনিয়ম ঠেকাতে কড়াকড়ি

জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন, মজুত-অনিয়ম ঠেকাতে কড়াকড়ি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দেশে অননুমোদিত মজুতের অপচেষ্টা ঠেকাতে বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নেওয়া এই পদক্ষেপের লক্ষ্য জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সমন্বিত কাঠামোর আওতায় মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ২৫ মার্চ সকাল থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ—এই ৯ জেলায় মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

ইউনিট সদর দপ্তর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

প্রতিটি মোতায়েন টিম একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি করছে এবং প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখা ও জনআস্থা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি জোরদারের পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

এ তথ্য জানিয়ে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad