বাংলাদেশি পর্যটকদের জন্য টুরিস্ট ভিসা শিগগিরই চালু করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
শনিবার দুপুরে পাবনায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এদিন তিনি জেলার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী হাইকমিশনার ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দেবেন।’
সভায় বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুলইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশসহ রাজনৈতিক নেতা, সাংবাদিক, আশ্রমকর্মী এবং ভক্তরা উপস্থিত ছিলেন।
পরে ভারতের সহকারী হাইকমিশনার সৎসঙ্গ নেতাদের সঙ্গে আশ্রমের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন। এরপর পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার সহকারী হাইকমিশনারকে স্বাগত জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় ভারতের সব ধরনের ভিসা। তবে পরবর্তীতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা চালু করা হলেও বন্ধ রয়েছে পর্যটন ভিসা। সেটি শিগগিরই চালু করার ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মনোজ কুমার।


