হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানে উঠে হজযাত্রীদের সঙ্গে দেখা করেন। ছবি: পিএমও
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের কাছে দেশ, জাতি ও দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেশের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করবেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন এবং হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাজীদের সঙ্গে কুশল বিনিময় করেন, কোলাকুলি করেন এবং তাদের শুভযাত্রা কামনা করেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রথম হজ ফ্লাইটে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপদে সৌদি আরব পৌঁছানোর জন্য দোয়া করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী প্রথমে হজ ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এরপর তিনি প্রথম হজ ফ্লাইটে উঠে হাজীদের সঙ্গে মতবিনিময় করেন।

হাজীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। সামনে অনেক চ্যালেঞ্জ আছে—আপনাদের দোয়ায় আল্লাহ রহমত দান করবেন বলে আমি বিশ্বাস করি।’

তিনি জানান, তার সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই হজ ব্যবস্থাপনায় কিছু উন্নয়ন আনার চেষ্টা করেছে। এ বছর হজের খরচ প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। আগামীতে আরও উন্নতি আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ফেব্রুয়ারির ১৮ তারিখ সরকার গঠন করেছি। অল্প সময় পেয়েও চেষ্টা করেছি কিছুটা হলেও সেবার মান বাড়াতে। আগামী বছর আরও ভালোভাবে হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জ্বল হোসেন কায়কোবাদ, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি, সৌদিয়া এয়ারলাইন্স চারটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স চারটি ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের উদ্দেশ্যে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad