বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করবেন। বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের সঙ্গে আরও কয়েকজনের টিকিট কেনা হয়েছে।
জানা গেছে, তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন রয়েছেন। এ ছাড়া তারেক রহমানের গৃহকর্মীরা ঢাকায় আসছেন।
তবে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচা তারেক রহমানের সহযাত্রী হচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তারেক রহমানের সফরসঙ্গীর বাইরেও অনেকে নিজস্ব অর্থায়নে ফ্লাইটের বিজনেস ক্লাসের টিকিট কিনেছেন। এদের মধ্যে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালির বিএনপি নেতারাসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক নেতা ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন। সব মিলিয়ে ৫০ জনের বেশি থাকছেন এই ফ্লাইটে।
এদিকে, তারেক রহমান দেশে ফেরার পর তাকে রাজধানীর ৩০০ ফিট রোডে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।
ইতোমধ্যে সংবর্ধনার মঞ্চ তৈরি করা হয়েছে। তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সারা দেশ থেকে রাতেই রাজধানী ঢাকায় জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা।
ঢাকার ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চ পরিদর্শন শেষে বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারেক রহমানের সংবর্ধনায় কত মানুষ আসবে, তা অনুমান করা সম্ভব নয়। অনেক বড় পরিসরে এটি করা হচ্ছে, যা ধারণার বাইরে।


