জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছেন সরকারদলীয় সাংসদরা।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে সংসদ নেতা স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী মনোনয়ন দেবেন। কে এই দুই পদে থাকবেন তা বৃহস্পতিবার জানা যাবে, যোগ করনে তিনি।
বুধবারের সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রথম অধিবেশনের কর্মসূচি তুলে ধরে চিফ হুইপ বলেন, যেহেতু বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য রয়েছে, তাই সংসদের কার্যক্রম শুরু হবে ভিন্ন প্রক্রিয়ায়।
তিনি বলেন, অধিবেশন শুরুর সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে এবং এরপর সংসদ নেতা একজন জ্যেষ্ঠ সদস্যকে অস্থায়ীভাবে সভার সভাপতিত্বের জন্য প্রস্তাব করবেন, যা অন্য একজন সদস্য সমর্থন করবেন। এরপর সেই সভাপতির অধীনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

চিফ হুইপ আরও জানান, স্পিকার নির্বাচিত হয়ে আসন গ্রহণ করার পর সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হবে এবং পরে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, শোক প্রস্তাবে প্রয়াত খালেদা জিয়া, জুলাই যোদ্ধা এবং দেশবরেণ্য যেসব ব্যক্তি শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণ করা হবে। এরপর ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে, যা আইনমন্ত্রী উপস্থাপন করবেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের কর্ম কমিশনের প্রতিবেদনও উপস্থাপন করা হবে এবং পরে সংসদ নেতা বক্তব্য রাখবেন।
সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি গঠনের বিষয়ে চিফ হুইপ বলেন, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, বিশেষ কমিটি, প্রিভিলেজ কমিটিসহ অন্যান্য সংসদীয় কমিটি গঠনের চেষ্টা করা হবে এবং প্রয়োজন হলে পরবর্তী দিনগুলোতে তা সম্পন্ন করা হবে।
ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
সংসদ উপনেতা নিয়োগের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং সংসদ নেতা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই সনদের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা শপথ নিইনি। কারণ, এটি সংবিধানে নেই।’ তিনি বলেন, সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সংসদে উপস্থাপিত ১৩৩টি অধ্যাদেশ বিশেষ কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হবে এবং যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো নিয়ম অনুযায়ী সংসদে পাস করা হবে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত করা হয় এবং সেদিন বিকালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ৩০০ আসনের জাতীয় সংসদে দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে।
বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯, জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন সাতটি আসনে।


