জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেলুয়াহাব সাইদানি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই দেশের জনগণের মধ্যকার নিবিড় যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই মজবুত ভিত্তির ওপর ভর করেই বাংলাদেশ ও আলজেরিয়ার আগামীর যৌথ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রতি আলজেরিয়া সরকারের সমর্থন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, বিগত দেড় দশকেরও বেশি সময় বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন ছিল। তৎকালীন শাসনামলে বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছিল, তা থেকে উত্তরণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, সর্বশেষ অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঘটেছে। এ প্রসঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, তৈরি পোশাক রপ্তানি, শিক্ষা ও জ্বালানি খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আলজেরিয়ার সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। এ সময় আলজেরীয় দূতাবাসের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


