রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জনগণের বিপুল সমর্থনের প্রতিদান হিসেবে সরকারকে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে–এ কথা প্রধানমন্ত্রী সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন।’ মন্ত্রী ও দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের স্বজনপ্রীতি ও প্রভাবমুক্ত থেকে কাজ করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, রমজানকে ঘিরে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দ্রুত দৃশ্যমান করার বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ দ্রুত কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
নুরুল হক নুর বলেন, ‘দেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে বিভিন্ন কারণে সেই বাজারে স্থবিরতা এসেছে।’ শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য মধ্যপ্রাচ্য সফর নতুন সুযোগ তৈরি করতে পারে বলেও তিনি মত দেন।
তিনি জানান, সরকার শিগগির ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নেবে।
এর আগে, মঙ্গলবার বিকালে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।


