এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। ওইসব জমির বাজারমূল্য ১৬ হাজার ৯৪০ কোটি টাকা।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এর আগেও এস আলম গ্রুপের সংশ্লিষ্ট কয়েক হাজার বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম জানান, সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হয়েছে।
দন্তে দেখা গেছে, অভিযোগ ওঠা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের স্থাবর সম্পদ অন্যত্র ‘হস্তান্তর বা বেহাত’ করার চেষ্টা চলছে। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। এজন্য এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন বলেও দুদকের আবেদনে বলা হয়।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত।


