ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ কনটেন্ট আয়োজন ঘোষণা করেছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ঈদের ছুটিতে দর্শকদের বিনোদন দিতে একের পর এক আলোচিত সিনেমা মুক্তি দিচ্ছে প্ল্যাটফর্মটি।
ইতোমধ্যে ছয়টি সিনেমার তালিকা প্রকাশ করেছে আইস্ক্রিন। তালিকার সবচেয়ে বড় আকর্ষণ শাকিব খান অভিনীত ইন্ডাস্ট্রি হিট সিনেমা ‘বরবাদ’। আলোচিত এই সিনেমাটি আগামী ৭ জুন আইস্ক্রিনে মুক্তি পাবে।
এদিকে ২৭ মে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। সিয়াম আহমেদ অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদি হাসান হৃদয়। গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক আলোচনায় আসে।
আইস্ক্রিনের অরিজিনাল ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ মুক্তি পেয়েছে ২৬ মে। ‘কালের পুতুল’খ্যাত নির্মাতা আকা রেজা গালিব পরিচালিত এ সিনেমাটি নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে। নারীপ্রধান এই গল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
ঈদের বিশেষ এই আয়োজনে আরও রয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘শান’ ও ‘জংলি’। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত আবু শাহেদ ইমন পরিচালিত ‘পায়ের তলায় মাটি নাই’ও থাকছে তালিকায়।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ মে ‘শান’, ২৯ মে ‘জংলি’, ৩০ মে ‘পায়ের তলায় মাটি নাই’ এবং ৭ জুন ‘বরবাদ’ মুক্তি পাবে আইস্ক্রিনে।
ঈদকে ঘিরে বড়পর্দার আলোচিত সিনেমাগুলোর ওটিটি মুক্তির খবরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। বিশেষ করে যারা প্রেক্ষাগৃহে সিনেমাগুলো দেখতে পারেননি, তাদের জন্য ঘরে বসেই উপভোগের সুযোগ তৈরি করছে আইস্ক্রিন।


