পাকিস্তানকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে উন্নতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠেছেন সিরিজ সেরা মুশফিকুর রহিম ও স্পিনার তাইজুল ইসলাম। উন্নতি হয়েছে লিটন দাস ও নাহিদ রানার।
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ পুরো সিরিজে ৯ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। বোলারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে এখন আছেন ১১-তম অবস্থানে, যা তার ক্যারিয়ার সর্বোচ্চ।
একই টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ১০ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে এখন ১৬-তম অবস্থানে মুশফিক। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ অবস্থানে।
সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে ম্যাচসেরা হওয়া লিটন ১৪ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বর অবস্থানে। তবে অবনমন হয়েছে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের। ৭ ধাপ পিছিয়ে শান্ত এখন ৩০ নম্বরে, ৩ ধাপ পেছানো মুমিনুল আছেন ৩৮-তম অবস্থানে।
বোলারদের র্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে পেসার নাহিদ এখন ৫৪তম, মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডারদের র্যাংকিংয়ে চার নম্বরে স্থির আছে, বোলারদের র্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে এখন ২৫তম অবস্থানে।


