সেশনজট মুক্তির পথে জাতীয় বিশ্ববিদ্যালয়, ৪২ কর্মদিবসে ফল প্রকাশ

সেশনজট মুক্তির পথে জাতীয় বিশ্ববিদ্যালয়, ৪২ কর্মদিবসে ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো
Advertisement
Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কার্যক্রম ও ফল প্রকাশে নতুন গতি এসেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মাত্র ৪২ কর্মদিবসের মধ্যে ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর শিক্ষা, প্রশাসন ও সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, দ্রুত ও গতিশীল করতে তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে পরীক্ষা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাইসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষা শেষ হওয়ার ৪২ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে।

গত ১১ জুলাই প্রকাশিত ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২৪ এর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম দ্রুত ফল প্রকাশের উদাহরণ বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ২০ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় ১৮ মে। ঈদুল আজহা উপলক্ষে ১১ দিনের সরকারি ছুটি থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ সম্পন্ন করা হয়। এবার দেশের ১ হাজার ৯১৫টি কলেজের ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ৬৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যেই দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছতা বজায় রেখে স্বল্প সময়ে নির্ভুল ফল প্রকাশ প্রশাসনিক সক্ষমতা ও সমন্বিত প্রচেষ্টার ফল।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, পরীক্ষা-পরবর্তী প্রতিটি ধাপ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ সরকারি ছুটির মধ্যেও সমন্বিতভাবে কাজ করায় দ্রুত ফল প্রকাশ সম্ভব হয়েছে।

দ্রুত ফল প্রকাশে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। তারা জানান, আগে ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও এখন দ্রুত ফল পাওয়ায় পরবর্তী শিক্ষাজীবন ও ক্যারিয়ার পরিকল্পনা সহজ হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad