একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাহাজ চলাচল বিষয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ নির্দেশনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম এ মান্নান।
অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জাহাজের ফিটনেস শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যেতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে শনিবার রাতের মধ্যেই সচল থাকা সব জাহাজের ফিটনেস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করার জন্য নৌপরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজই কেবল রোববার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করতে পারবে।
তিনি আরও জানান, যেসব জাহাজের যাত্রা বাতিল হবে, সেসব জাহাজের যাত্রীদের ভোগান্তি এড়াতে জেলা প্রশাসনের অনুমোদিত অন্যান্য জাহাজে সমন্বয়ের মাধ্যমে যাত্রার ব্যবস্থা করা হবে।
সভায় জানানো হয়, ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে সুপারিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, শনিবার ভোর ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডাব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।


