নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দরজায় ডেকে ঘরে ঢুকে নজরুল ইসলাম নামে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছেন নিহতের স্ত্রী শাহানাজ।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।
আহত শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে চার থেকে পাঁচজনের একদল মুখোশধারী তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর মুখোশধারীরা ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত-পা বেঁধে মারধর করে।
তাকেও হাত পা ও গলায় বেঁধে মারধর করে আলমিরার চাবি নিয়ে নেয়। এ সময় তাদের চিনে ফেলার কারণে তার স্বামী নজরুল ইসলামের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
শাহনাজ বেগমের দাবি, দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।


