ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ফলাফলে আশাহত হলেও এ থেকে এক ধরনের সংকেত পাওয়া গেল বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার মতে, এই সংকেত বিএনপিকে ভবিষ্যতে সাবধান হতে সাহায্য করবে।
বুধবার বরিশালের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে বরিশাল উত্তর জেলা মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সঙ্গে যাদের যোগসাজস ছিল তারা ডাকসু নির্বাচনে মূল ভূমিকা পালন করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এখনো স্বৈরাচারের দোসররা আমাদের চারপাশে রয়ে গেছে। এ কারণেই ছাত্রদলের ভরাডুবি হয়েছে।’
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে কেন পরাজয় হয়েছে, কী হয়েছে, এটা বিশ্লেষণের ব্যাপার। ডাকসু নির্বাচনে আমরা কিছুটা আশাহত হয়েছি, তবে এটা আমাদেরকে একটা সংকেত দিল। এই সংকেতের কারণে আমরা সাবধান হয়ে গেলাম। আমাদের কাজ করতে হবে, সচেতন হতে হবে।’
‘এখন আমাদের জন্য অনেক সহজ হলো এটা চিহ্নিত করা যে কারা এবং কিসের জন্য এই দেশকে ধ্বংস করার খেলা এখনো খেলছে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলে বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন, সাধারণ সম্পাদক মোসাম্মদ লিপি, সহসভাপতি হোসনেয়ারা বেবীসহ অন্যরা।


