মানিকগঞ্জে ফসলের খেতে জরুরি অবতরণ করা স্কয়ার গ্রুপের বিকল হেলিকপ্টার রাতভর পাহারা দিয়েছেন প্রতিষ্ঠানটির ৩০ কর্মী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলাচক এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালেও ওই কর্মীদের হেলিকপ্টার পাহারা দিতে দেখা যায়।
যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিস্তীর্ণ ফসলের মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এ খবর ছড়িয়ে পড়তেই হেলিকপ্টার ঘিরে ভিড় জমায় আশপাশের গ্রামের হাজারও উৎসুক জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তার স্বার্থে পাহারায় নিযুক্ত করা হয় স্কয়ার গ্রুপের কর্মীদের।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হেলিকপ্টারটি বিকাল ৪টার দিকে পাবনা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছিল। এটি স্কয়ার গ্রুপের নিজস্ব হেলিকপ্টার (এস২–এজিপি)। উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়, পাইলট ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে অবতরণের জন্য ওই খোলা মাঠ বেছে নেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে হেলিকপ্টারটি অবতরণ করান।
জরুরি অবতরণে হেলিকপ্টারের কোনো ক্ষতি হয়নি জানিয়ে তারা নিশ্চিত করেন, হেলিকপ্টারে থাকা ছয় আরোহীই নিরাপদে আছেন।
স্কয়ার গ্রুপের কর্মীরা জানান, আরোহীদের অনেকেই গ্রুপের এমডি তপন চৌধুরীর ঘনিষ্ঠজন। ঘটনার পরপরই অন্য একটি হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন জানান, ত্রুটি শনাক্তের অংশ হিসেবে হেলিকপ্টারের সাপোর্টিং লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারি পরীক্ষা ও চার্জিংয়ের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার স্কয়ার গ্রুপের প্রধান টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি নিরসনের পুরো কাজ শুরু করবে বলেও আশা করেন তিনি।


