আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ঝালকাঠিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন হাজার ৮১ সদস্য প্রস্তুত রয়েছেন। তারা ঝালকাঠির চার উপজেলার ২৩৭টি ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
ঝালকাঠি জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের মাঠে শনিবার দুপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়েছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে এই বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।’
নির্বাচনী দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যরা প্রায় দেড় বছর ধরে নানা প্রশিক্ষণ, যাচাই-বাছাই ও প্রস্তুতি কার্যক্রমের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন বলে জানান আব্দুস সামাদ। তিনি বলেন, তরুণ সদস্যদের অগ্রাধিকার দিয়ে নির্বাচনকালীন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রিজার্ভ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।
আনসারের জেলা কার্যালয় থেকে বলা হয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং বাহিনীর নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এ প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। সেইসঙ্গে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে বাহিনী প্রদত্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে সদস্যদের প্রতি নির্দেশ দেন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা কর্মকর্তা নিরব বিশ্বাস, রাজাপুর উপজেলা কর্মকর্তা আশালতা, কাঠালিয়া উপজেলা কর্মকর্তা সাইফুন্নাহার, নলছিটি উপজেলা কর্মকর্তা সুরাইয়া বেগমসহ বাহিনীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকরা।


