রাজধানীর মগবাজারের ‘আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল’-এর লাইসেন্স বাতিলের পর সেখান থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
জারি করা আদেশে বলা হয়েছে, গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী মগবাজারের ‘আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল’-এর লাইসেন্স বাতিল করা হয়েছে। হাসপাতালটি থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন।
রোগীদের জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আদ-দ্বীন হাসপাতাল থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


