সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির পর তৈরি সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সাদ্দাম হোসেনসহ সুপ্রিম কোর্টের সাত আইনজীবী রিটটি দায়ের করেছেন।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে বেঞ্চে রিটটি শুনানির জন্য ৯৬ নম্বর ক্রমিকে রয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে, এই সাত আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় করতে নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। গত বছর ওই রায়ের আলোকে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
পৃথক সচিবালয় গঠিত হওয়ার পর জনবল নিয়োগসহ ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়। তবে বিএনপি সরকার ক্ষমতায় এসে সম্প্রতি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে।
সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য বিচার বিভাগীয় ৪৬ জন কর্মকর্তার মধ্যে ১৫ জনকে নিয়োগ করা হয়েছে। বাকি নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন। ১৯ জন কর্মচারী পদায়ন করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। অন্য কর্মচারীদের নিয়োগের জন্য বিধিমালা প্রণয়নের কাজ চলছে।
বাজেট পেতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যাবতীয় কাজ শেষ। সচিবালয়ের জন্য এরই মধ্যে ১৪ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য ভবনের কাজও শিগগিরই শেষ হওয়ার কথা রয়েছে।


