‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।’
গত বছরের ২৩ জুলাই জুবায়দুর রহমানকে দেশের শীর্ষ বেসরকারি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। তখন থেকে তিনি পর্ষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
জুবায়দুরের আগে স্বতন্ত্র পরিচালক হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। মাসুদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত শুরু হলে পদত্যাগ করেন। এরপর নিয়োগ পান জুবায়দুর।
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি ইসলামী ব্যাংকর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের অনেকের সঙ্গেই কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতের মিল হচ্ছিল না।
এর মধ্যেই ৪৯ দিনের ‘বাধ্যতামূলক ছুটিতে’ যান ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান। এরপর অনলাইনে পর্ষদ সভায় সংযুক্ত থাকার শর্তে দেড় মাসের জন্য দেশের বাইরে যান চেয়ারম্যান জুবায়দুর। এর মধ্যেই ওমর ফারুককে পদত্যাগ করার জন্য ‘চাপ’ আসে।
নথিতে দেখা গেছে, রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের নির্ধারিত সভা ছিল। তবে ‘অনিবার্য কারণবশত’ সভাটি বাতিল হয়।
এদিন সকাল থেকে ব্যাংকের ‘গ্রাহক’ ও কিছু কর্মকর্তা প্রধান কার্যালয়ের নিচে আন্দোলন শুরু করেন এমডি পদ থেকে ওমর ফারুক খানের পদত্যাগ না করার জন্য।
উল্টো তারা চেয়ারম্যান এম জুবায়দুর রহমানের পদত্যাগ চান। এমন পরিস্থিতির মধ্যেই রোববার বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এম জুবায়দুর রহমান।
এদিকে এমডি ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে একটি সূত্র দাবি করেছে। তবে পর্ষদের সভাটি বাতিল হওয়ায় এ নিয়ে সিদ্ধান্ত হয়নি।
নিয়ম অনুযায়ী, পর্ষদ অনুমোদন না করলে এমডির পদত্যাগপত্র গৃহীত হয় না। আর চেয়ারম্যানকে বাংলাদেশ ব্যাংক নিয়োগ দেওয়ায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির কাছেই পদত্যাগপত্র দিয়েছেন জুবায়দুর।
এ বিষয়ে জুবায়দুর রহমান ও ওমর ফারুক খানের বক্তব্য জানতে বারবার চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে উচ্চপদস্থ একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক ছিলেন জুবায়দুর। ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বব্যাংকেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলমের লোকদের সরিয়ে স্বতন্ত্র পরিচালকদের কাছে ব্যাংকটির দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক।


