সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা অংশ নিতে পারবেন না। সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৩ ও ১৪ মে সমিতির নির্বাচনের তারিখ ধার্য রয়েছে।
রোববার সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন কবির মঞ্জুর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাই দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন টাইমস অব বাংলাদেশ’কে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে ২০২৫ সালের সরকারি গেজেট ও ২০২৬ সালের আইন অনুসারে আওয়ামী লীগ সমর্থকরা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য।
এ নির্বাচনে সুপ্রিম কোর্টের আইনজীবীরা সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে আগামী এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ১১ হাজারের বেশি।


