ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ার প্রাথমিক শর্ত সুন্দর নির্বাচন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুন্দর নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা গেলে দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে তিনি এসব কথা বলেন।
সুন্দর নির্বাচনের বিকল্প নেই জানিয়ে নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
সিইসি বলেন, যাবতীয় প্রস্তুতি নেওয়ার পরও রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব পোষণ না করলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর স্বতস্ফুর্ত সহযোগিতা দরকার।
এ সময় নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরের দিন-এই তিন ধাপে যাতে কোন সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি
রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে সকালে পাচঁটি দল অংশ নেয়। দলগুলো হলো- বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।


