সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। ‘ডাকাত করিম শরীফ বাহিনীর’ ওই ডাকাতের নাম বাদশা শেখ (২৫)।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা শুক্রবার বিকালে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অভিযান চালিয়ে বাদশাকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
বাদশা শেখ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। মামলা দায়ের করে তাকে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক বাদশা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।
কোস্টগার্ড জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এসব তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ড সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে ডাকাত বাদশাকে আটক ও ডাকাত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়।


