সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহরণ হওয়া হাত-পা বাঁধা চার জেলেকে উদ্ধার করেছে বনরক্ষীরা বুধবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এই ঘটনা ঘটে। গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার জেলেরা হলেন, শরণখোলা উপজেলার আবদুল বারেক খান ও মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ। ঘটনাস্থলে বনদস্যুদের ব্যবহার করা একটি বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাড়ি এবং স্মার্টটিম যৌথভাবে টহল দিচ্ছিল। এসময় সিঙারটেক এলাকায় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে সেখানে অভিযান চালালে ডাকাতদের সাথে বনরক্ষীদের গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা তাদের একটি ট্রলার ও হাত-পা বাঁধা চার জিম্মি জেলেকে ফেলে পালিয়ে যায়।
পরে বনরক্ষীরা জেলেদেরকে শেলারচর টহল ফাড়িতে নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


