সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার পুরান নোয়াকোট জামে মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম ফজল মিয়া। তিনি ওই গ্রামের মৃত ছনু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পুরান নোয়াকোট জামে মসজিদের উন্নয়ন তহবিলের গচ্ছিত টাকা নিয়ে ফজল মিয়ার সঙ্গে মসজিদের কোষাধ্যক্ষ মাসুদ মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল। শনিবার দুপুরে ফজল মিয়ার নেতৃত্বে পঞ্চায়েতের লোকজন কোষাধ্যক্ষের কাছে সেই টাকার হিসাব ও উন্নয়ন কাজের জন্য গচ্ছিত টাকার হিসাব চায়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ফজল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মসজিদের হিসাবকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


