খুলনা নগরে গুলিবিদ্ধ এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সে আবারও গুলির ঘটনা ঘটেছে।
সোমবার রাতে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এই হামলা চালানো হয় বলে দাবি করেছেন আহতের স্বজনরা। তবে এ ঘটনায় নতুন করে কেউ হতাহত হয়নি।
আহত যুবকের নাম রাজু হাওলাদার (৩৮)। তিনি লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার মাস্টার গলির বাসিন্দা ইউনুস হাওলাদারের ছেলে।
পুলিশের তথ্যমতে, রাজুর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে লবণচরা থানাতে তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, রাজুর ওপর প্রথম দফায় কখন ও কোথায় গুলি চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
স্বজনদের দাবি, অ্যাম্বুলেন্সটি ঢাকা যাওয়ার পথে রূপসার কুদির বটতলা এলাকায় পৌঁছালে গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, ভুক্তভোগীরা বিষয়টি জানিয়ে বাড়তি নিরাপত্তা চাইলে পুলিশি পাহারায় তাদের থানা এলাকা পার করে দেওয়া হয়।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই যুবকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে। পুরো ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


