নামধারী ও ভাসমান সাংবাদিকদের ভিড়ে প্রকৃত পেশাদার সাংবাদিকরা কোণঠাসা হয়ে পড়েছেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির আহমেদ স্বপন। তিনি বলেন, ‘সাংবাদিকতার মহান ব্রতকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী মহল এই পেশার মান-মর্যাদা ক্ষুণ্ণ করছে।’
মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পেশাদার সাংবাদিকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যমের স্বচ্ছতা বজায় রাখতে সৎ সাংবাদিকদের অবশ্যই অসৎ ও সুযোগসন্ধানীদের হাত থেকে সুরক্ষা দিতে হবে।’
তিনি তার বক্তব্যে পেশাদার ও অপেশাদার সাংবাদিকদের মধ্যকার মৌলিক পার্থক্যগুলোও তুলে ধরেন।
প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান চিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং সাবেক তথ্য ও বাণিজ্যমন্ত্রী এম শামসুল ইসলামের সন্তান ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোচ্ছাবেরুল ইসলাম প্রমুখ।
বক্তারা জেলা পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন এবং সুস্থ ধারার গণমাধ্যম চর্চায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


