সুনামগঞ্জের তাহিরপুরে ক্রিকেট খেলার সময় ব্যাটারিচালিত অটোরিকশায় বল পড়াকে কেন্দ্র করে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে বীরজয়-লক্ষ্মী-ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ক্রিকেট খেলার সময় একটি বল মধ্য তাহিরপুর গ্রামের জালাল মিয়ার অটোরিকশায় গিয়ে পড়ে। এ নিয়ে মধ্য তাহিরপুর গ্রামের হাফিজ মিয়ার সঙ্গে ক্রিকেট খেলোয়াড়দের কথা-কাটাকাটি হয়।
পরে বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
বুধবার সকালে বিভিন্ন গ্রামের লোকজন ঘটনাস্থলের কাছে জড়ো হন। সেখানে পুলিশ থাকায় তখন কোনো সংঘর্ষ হয়নি।
পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, ‘মঙ্গলবার রাতে মাইকিং করার পর বুধবার সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। এ কারণে সকালে কোনো সংঘর্ষ হয়নি। দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এলে সংঘর্ষ শুরু হয়।’
তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যারা সংঘর্ষে উসকানি দিয়েছেন, তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


