দাখিল পরীক্ষায় নকল করার দায়ে বৃষ্টি আক্তার নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার জামালপুরের বকশীগঞ্জে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র থেকে জানা যায়, পরীক্ষার সময় ওই কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন দায়িত্বরত কর্মকর্তারা। এ সময় আইরমারী ইসলামীয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী বৃষ্টি আক্তারকে নকল করতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব ও খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কক্ষ পরিদর্শন করেন এবং নকলসহ ওই শিক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে পরীক্ষার নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নকলের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। অভিযুক্ত শিক্ষার্থীকে হাতেনাতে ধরার পর বিধি মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।’


