ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
শনিবার দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো টার্মিনালে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের মূল যাত্রী টার্মিনাল অক্ষত থাকলেও রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া, যা বিমান চলাচলে বাধার সৃষ্টি করে।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগুনের সূত্রপাত স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হয় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দেখা যায়।
দ্য ইকোনমিক টাইমসও একইভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা জানিয়েছে এবং সকল ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকার কথা নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, সেনা, বিমান ও নৌবাহিনীর সহায়তায় প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে গিয়ে ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন, যাদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। আমদানিকারকরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন, কারণ বিমানবন্দরটি সাধারণত কম ওজনের যন্ত্রপাতি, পচনশীল ও ইলেকট্রনিক পণ্য আমদানি করে থাকে।


