সাতক্ষীরার আশাশুনিতে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার খলিসানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক দেড়টার দিকে লতিকা ঘরে ফ্যানের সুইচ অন করতে যান। লাইনে ত্রুটি থাকায় তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। বিকেল ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক অঞ্জন কুমার চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার তীব্র আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, হাসপাতাল থেকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


