ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআইএফবি)।
নবনির্বাচিত এই কমিটিতে ডন গ্রুপের চেয়ারম্যান ও সিইও মো. এরশাদ হোসেন রানা সভাপতি হিসেবে নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এর ক্রাউন প্লাজা ঢাকার ‘দ্য বিস্ট’ রেস্তোরাঁয় চেম্বারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আনুষ্ঠানিক বোর্ড হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন থ্রিআই লজিস্টিকস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. জাহাঙ্গীর আলম সরকার, সিপিএ এবং এক্সপো হোল্ডিংস (বিডি) লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর এম এ রিয়াজ।
এ ছাড়া, অ্যাবিস্টা এফএস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরী কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে গঠিত ১৭ সদস্যের এই পরিচালনা পর্ষদের অন্য নির্বাচিত পরিচালকরা হলেন-সৈয়দ সাদাত আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর, এবিএন গ্রুপ; দাতো কে এম রিফাতুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর, আক্তার গ্রুপ; বাদরিয়া আনিস, ডিরেক্টর মার্কেটিং, বাংলাদেশ এক্সপোর্টস লি; আহমেদ সাইফউদ্দিন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি; আরিফ রহমান, ম্যানেজিং ডিরেক্টর, বেঙ্গল এয়ারলিফট লি; ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ, পিএসসি (অব.), ম্যানেজিং ডিরেক্টর, এলিট সিকিউরিটি সার্ভিসেস লি; মো. আসাদুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, ফারিহা নিট টেক্স লি; এস এম রহমান, ম্যানেজিং ডিরেক্টর, নভো কার্গো সার্ভিসেস লি; মোহাম্মদ রাশেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যাসিফিক ডিজাইন অ্যান্ড সোর্সিং; এস এ বাহাদুর, প্রেসিডেন্ট অ্যান্ড প্রধান নির্বাহী কর্মকর্তা, রেডিয়েন্ট করপোরেশন; সলিমুল হক এসা, ম্যানেজিং ডিরেক্টর, তাশো এন্টারপ্রাইজ লি; মাহমুদুল ইসলাম পারভেজ, ম্যানেজিং ডিরেক্টর, ইউনি-গ্লোবাল বিজনেস লি এবং সানা সাত্তার, নির্বাহী পরিচালক, উটাহ নিটিং অ্যান্ড ডাইং।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নির্বাহী কমিটি দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ প্রসারিত করা এবং ব্যবসা থেকে ব্যবসায় সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে একটি দূরদর্শী এজেন্ডা তুলে ধরে।
একইসঙ্গে বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে নীতিনির্ধারণী পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করে কমিটি।
নতুন নেতৃত্ব জানায়, সিসিআইএফবি আগামী দিনগুলোতে দুই দেশের ব্যবসা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের মধ্যে সংলাপের সুবিধার্থে একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এ ছাড়া খাতভিত্তিক ওয়ার্কিং গ্রুপকে শক্তিশালী করা এবং জ্ঞান-বিনিময় উদ্যোগের মাধ্যমে স্টেকহোল্ডারদের জন্য সর্বোচ্চ মূল্য তৈরি করার বিষয়েও জোর দেওয়া হয়।


